ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভাবনীয় সাফল্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিশেষ অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) পাঠানো এক বার্তায় তিনি এই অর্জনকে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক ‘তাৎপর্যপূর্ণ অধ্যায়’ হিসেবে অভিহিত করেন।

নাহিদ ইসলামের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে জন্ম নেওয়া একটি নবীন দল হিসেবে মাত্র এক বছরে ৬টি আসনে জয়লাভ এবং ৩০টি আসনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা এক অসাধারণ অর্জন। এটি কেবল নির্বাচনী পরিসংখ্যান নয়, বরং তরুণ প্রজন্মের আত্মপ্রত্যয় ও গণতান্ত্রিক চেতনার বহিঃপ্রকাশ।

বার্তায় ড. ইউনূস ছাত্র-জনতার আন্দোলনের উত্তাল দিনগুলোর কথা স্মরণ করে নাহিদ ইসলামের সাহসিকতা ও অদম্য মনোবলের প্রশংসা করেন। উপদেষ্টা পরিষদে সহকর্মী হিসেবে নাহিদ ইসলামের কর্মদক্ষতা এবং নীতিগত দৃঢ়তা তাকে মুগ্ধ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রফেসর ইউনূস বলেন, “সংসদে এই প্রতিনিধিত্বের মাধ্যমে জনগণের, বিশেষত তরুণদের স্বপ্ন ও প্রত্যাশা তুলে ধরার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে।” সংগ্রামের পথ থেকে রাজনীতির মূলধারায় প্রবেশের এই রূপান্তরে আদর্শ ও মূল্যবোধ অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি। এনসিপির এই সাফল্য প্রমাণ করে যে দেশের মানুষ নীতিনিষ্ঠ ও আদর্শভিত্তিক রাজনীতির প্রতি আস্থা রাখতে প্রস্তুত।

সবশেষে প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামের সুস্বাস্থ্য ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন।

Facebook Comments Box