ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই জনাকীর্ণ সম্মেলনে তিনি বলেন, “ভবিষ্যতে আর কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তারেক রহমান তার বক্তব্যে স্পষ্ট করেন যে, নির্বাচনে জয়লাভ কেবল ক্ষমতা দখলের বিষয় নয়, বরং এটি রাষ্ট্র মেরামতের এক বিশাল দায়িত্ব। তিনি বলেন, “আমাদের পথ ও মত ভিন্ন হতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক। জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।” তিনি ভিন্নমত ও ভিন্ন পথ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সহযোগিতা কামনা করেন।
বিজয় উদযাপনে সংযম প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি কঠোর বার্তা দেন। তিনি বলেন, “কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। কোনো অজুহাতেই দুর্বলের ওপর সবলের আক্রমণ বরদাশত করা হবে না। বিজয় মিছিল না করার যে নির্দেশনা আমি দিয়েছিলাম, তা শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই।”
তিনি আরও জানান, বিএনপি ঘোষিত ‘৩১ দফা রূপরেখা’ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করে তিনি বলেন, সরকারি দল হোক বা বিরোধী দল—প্রতিটি নাগরিকের জন্যই আইন সমান হবে। সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন সফল করার জন্য অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে গভীর দুঃখ প্রকাশ করেন।




মন্তব্য করুন