বিএনপির ভাইস চেয়ারম্যান ও মাগুরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তিনি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ (শালিখা, মহম্মদপুর ও সদরের আংশিক) আসন থেকে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৬ হাজার ৬৯৬ ভোট পেয়ে জয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মুশতারশেদ বিল্লাহ পান ১ লাখ ১৪ হাজার ৯৯৯ ভোট।
নিতাই রায় চৌধুরীর মন্ত্রিসভায় ফেরার ঘটনাটি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতারই প্রতিফলন। এর আগে ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এরশাদ সরকারের পতনের পর তিনি বিএনপিতে যোগ দেন এবং দলের নীতি-নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
প্রবীণ এই রাজনীতিকের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি মাগুরার রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তার হাত ধরে জেলার দীর্ঘদিনের উন্নয়ন চাহিদাগুলো পূরণ হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

মন্তব্য করুন