প্রধানমন্ত্রী তারেক রহমানের দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনায় তাঁর একান্ত সচিব (পিএস), সহকারী একান্ত সচিব (এপিএস) ও প্রটোকল অফিসার নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিনের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী যুগ্ম সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (পিএস-১) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই মন্ত্রণালয় থেকে জারি করা অপর এক আদেশে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ (এপিএস-১) পদে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সহকারী সচিব মো. উজ্জ্বল হোসেন। সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করতে যাচ্ছেন তারেক রহমান। তাঁর প্রথম কার্যদিবসের আগেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মূল প্রশাসনিক কাঠামো বিন্যাস সম্পন্ন করল জনপ্রশাসন মন্ত্রণালয়।




মন্তব্য করুন