অন্তর্বর্তী সরকারের পাট চুকিয়ে আবারও মূলধারার সাংবাদিকতায় ফিরলেন সদ্য সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই নতুন যাত্রার কথা নিশ্চিত করেছেন।

শফিকুল আলম জানান, তিনি নতুন একটি ইংরেজি সংবাদপত্র ‘দ্য ডেইলি ওয়াদা’ (The Daily Waadaa)-এর সম্পাদক হিসেবে যোগদান করেছেন। ফেসবুক পোস্টে তিনি পাঠকদের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন। শফিকুল আলমের সঙ্গে একই ইংরেজি দৈনিকে নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন সাবেক উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও।

২০২৪ সালের ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন বার্তা সংস্থা এএফপি’র সাবেক ঢাকা ব্যুরো প্রধান শফিকুল আলম। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ায় গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তার চুক্তির অবসান ঘটে।

এদিকে, রাষ্ট্র পরিচালনার প্রথম দিনেই কর্মব্যস্ত সময় পার করছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে পৌঁছান। ১ নম্বর ভবনের দ্বিতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের ২০১ নম্বর কক্ষে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করেন তিনি। বিকেলে মন্ত্রিসভার বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সন্ধ্যা ৭টায় তিনি জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন বলে জানা গেছে।

Facebook Comments Box