সরকারের দাপ্তরিক সিদ্ধান্ত এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে জনগণের কাছে পৌঁছে দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম কার্যদিবসেই ‘PMO Bangladesh- প্রধানমন্ত্রীর কার্যালয়’ নামের এই ডিজিটাল প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই পেজটিতে ব্যাপক সাড়া মিলেছে। প্রথম দিনেই প্রায় ৩ লাখ ৭০ হাজার অনুসারী যুক্ত হওয়ার পর বর্তমানে এই সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ছাড়িয়ে গেছে। পেজটির প্রোফাইল ছবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিকৃতি এবং কভার ফটোতে জাতীয় পতাকার পাশাপাশি জনসমাবেশে তাঁর উপস্থিতির দৃশ্য স্থান পেয়েছে।

এখন থেকে সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ঘোষণা, প্রজ্ঞাপন এবং প্রধানমন্ত্রীর দৈনন্দিন রাষ্ট্রীয় কর্মসূচির সব আপডেট এই পেজ থেকে সরাসরি পাওয়া যাবে। এ ছাড়া নাগরিকরা মন্তব্য ও প্রতিক্রিয়ার মাধ্যমে সরকারি কার্যক্রম সম্পর্কে তাঁদের মতামত জানানোর সুযোগ পাবেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিজিটাল মাধ্যমে তথ্যপ্রবাহকে আরও গতিশীল ও স্বচ্ছ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত সরকারের সঙ্গে জনগণের সরাসরি সম্পৃক্ততা বাড়াতেই এই প্ল্যাটফর্মটি কাজ করবে। এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার দেখা গেছে, তবে এখন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় স্বয়ংক্রিয়ভাবে সরাসরি সব তথ্য প্রচার করবে।

Facebook Comments Box