হবিগঞ্জের বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের মধ্যকার একটি কথিত ফোনালাপ ফাঁসের ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই অডিও রেকর্ডটি এখন জেলার ‘টক অব দ্য টাউন’।

ঘটনার সূত্রপাত একটি ফোনালাপকে কেন্দ্র করে। ওসির দাবি, উপজেলা বিএনপির সভাপতি তাঁকে কল দিয়ে না পেয়ে পরবর্তীতে অন্য একজনের ফোনের মাধ্যমে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়েছেন। ওসির ভাষ্যমতে, তুষার চৌধুরী তাঁকে হুমকি দিয়ে বলেছেন— ‘বাহুবলে ওসিগিরি করতে হলে তাকে জিজ্ঞেস করে করতে হবে।’

অন্যদিকে, এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপি নেতা ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার। তিনি বলেন, “আমি সরাসরি তাঁকে কল দিয়েছি— এমন প্রমাণ তিনি দিতে পারবেন না।” উল্টো ওসির বিরুদ্ধে মাদক ও জুয়াসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ততার পাল্ট অভিযোগ তুলে তাঁর দ্রুত প্রত্যাহার দাবি করেছেন এই নেতা।

এই অডিও ক্লিপের সত্যতা নিয়ে জনমনে প্রশ্ন থাকলেও এখন পর্যন্ত প্রশাসনের ঊর্ধ্বতন মহলের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অডিওটির নির্ভরযোগ্যতা যাচাই করে একটি সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

Facebook Comments Box