দেশের সিটি করপোরেশন ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পহেলা বৈশাখের আগেই ধাপে ধাপে এসব নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এক একান্ত আলাপচারিতায় তিনি এসব তথ্য জানান।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে ইতোমধ্যে কমিশনের কাছে চিঠি এসেছে। তবে বর্তমানে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন গুরুত্বের তালিকায় শীর্ষে রয়েছে। এই দুই আসনের নির্বাচন সম্পন্ন করার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের সীমানা নির্ধারণ বা কোনো আইনি জটিলতা আছে কি না, তা খতিয়ে দেখছে কমিশন। আইনি কোনো বাধা না থাকলে দ্রুতই এসব নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন করার কথা উল্লেখ করে তিনি বলেন, আগের চ্যালেঞ্জগুলো সবার সহযোগিতায় আমরা মোকাবিলা করতে পেরেছি। সিটি নির্বাচনের ক্ষেত্রেও আমরা সফল হওয়ার ব্যাপারে আশাবাদী। তবে রাষ্ট্রপতি ও স্পিকার নির্বাচন এবং সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতো বিষয়গুলো সরকারের সিদ্ধান্তের ওপর অনেকটাই নির্ভরশীল বলে তিনি মন্তব্য করেন।
সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের বিষয়ে সমাজবিজ্ঞানীদের পরামর্শ প্রসঙ্গে ইসি আনোয়ারুল জানান, কমিশন বিদ্যমান আইন অনুযায়ী কাজ করে। ভবিষ্যতে যদি আইন পরিবর্তন হয়, তবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রথমবারের মতো ১৬ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, এনআইডি পেলেও আইন অনুযায়ী ১৮ বছর পূর্ণ হওয়ার পরই তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার হিসেবে গণ্য হবেন।

মন্তব্য করুন