পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদ্ঘাটনে গঠিত তদন্ত কমিশনের সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ঝুলে থাকা বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। বিডিআর বিদ্রোহের ১৭ বছর পূর্তিতে এদিন জাতীয় শহীদ সেনা দিবস পালন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ড কেবল বাংলাদেশের নয়, বিশ্বের অন্যতম নৃশংস ঘটনা। তৎকালীন সরকার এই হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য জানতে তদন্ত কমিটি গঠন করলেও তার ফলাফল প্রকাশ করেনি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত জাতীয় কমিশনের প্রতিবেদন হাতে এসেছে। পূর্ববর্তী সময়ে এটি বাস্তবায়নে উদ্যোগের ঘাটতি থাকলেও বর্তমান সরকার দ্রুত ব্যবস্থা নেবে।
নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ জানান, পূর্ববর্তী কমিশনের সুপারিশগুলো এবং বর্তমানে বিচারাধীন মামলাগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। শহীদ পরিবারের সদস্যদের আশ্বস্ত করে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
পিলখানা ট্র্যাজেডিকে সেনাবাহিনীকে দুর্বল করার একটি গভীর ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই এ ধরনের জঘন্য কাজে লিপ্ত হতে পারে। এর আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শহীদদের প্রতি রাষ্ট্রীয় মর্যাদা ও শ্রদ্ধা নিবেদন করা হয়।




মন্তব্য করুন