শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় দেবরের আত্মহত্যার খবর পাওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মধ্য মহিষার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, পরকীয়া প্রেমের টানাপোড়েন থেকে এই যুগল আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
নিহতরা হলেন—মধ্য মহিষার এলাকার মিল্টন মল্লিক ও তার চাচাতো ভাই মালয়েশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী এলিনা আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিবিয়া ফেরত মিল্টন মল্লিক ঢাকার মোহাম্মদপুরে একটি মিষ্টির দোকানে কাজ করতেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইফতারের পর সেখানে তিনি আত্মহত্যা করেন। স্বজনদের দাবি, এলিনা আক্তারের সঙ্গে মিল্টনের দীর্ঘদিনের গোপন সম্পর্ক জানাজানি হওয়ার পর পরিবারে বিরোধ সৃষ্টি হয়েছিল। সেই ক্ষোভ ও অভিমানেই মিল্টন এই পথ বেছে নেন।
এদিকে মিল্টনের মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর আজ সকালে নিজ বাড়িতে গলায় ফাঁস দেন এলিনা আক্তার। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, হাসপাতাল থেকে সংবাদ পাওয়ার পর পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন