রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারের সাগাইং অঞ্চলে, যা ঢাকার আগারগাঁও থেকে প্রায় ৪৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১২৯ দশমিক ৭ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়েছে।

ভূমিকম্পের ফলে রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়। দীর্ঘ কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনের সময় বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে রাস্তায় বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে দেশের কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি ফেব্রুয়ারি মাসেই দেশে মোট আটবার মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ঘন ঘন এই কম্পন বড় ধরনের দুর্যোগের পূর্বাভাস কি না, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

Facebook Comments Box