বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় ছয়টি পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেনা সদর দপ্তর সূত্রে উচ্চপর্যায়ের এই পরিবর্তনের তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নতুন বিন্যাস অনুযায়ী, ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, কিউএমজি হিসেবে দায়িত্ব পালন করে আসা লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে এনডিসির কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে।
এছাড়া সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) পদেও পরিবর্তন আনা হয়েছে। ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল করা হয়েছে। বর্তমান এজি মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রদবদলের তালিকায় আরও রয়েছেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, তাকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া এমআইএসটির বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রশাসনিক ও কৌশলগত কারণে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন