রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যমতে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।
ভূমিকম্পের ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে তীব্র কম্পন অনুভূত হয়েছে। এছাড়া রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বারাসাতসহ বিভিন্ন এলাকাতেও মানুষ কম্পন অনুভব করেছেন। কম্পন স্থায়ী ছিল কয়েক সেকেন্ড, যার ফলে বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে রাস্তায় বেরিয়ে আসেন।
তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে দেশের কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে ঘন ঘন ভূমিকম্প হওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। জরুরি পরিস্থিতিতে সবাইকে শান্ত ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।




মন্তব্য করুন