নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নতুন করে ‘শোন অ্যারেস্ট’ বা গ্রেফতার দেখানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যার অভিযোগে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। তিনি জানান, ২০২৪ সালের ২০ জুলাই চিটাগাং রোড এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের নিচে অগ্নিসংযোগের ঘটনায় সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক নিহত হন। ওই ঘটনায় দায়ের করা ৪১ নম্বর মামলায় আইভীর সম্পৃক্ততা পাওয়ায় আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।
উল্লেখ্য, এর মাত্র একদিন আগে গত ২৬ ফেব্রুয়ারি আইভী ফতুল্লা ও সদর মডেল থানার পাঁচটি ভিন্ন মামলায় আদালত থেকে জামিন পেয়েছিলেন। কিন্তু নতুন এই মামলায় গ্রেফতার দেখানোর ফলে তার কারামুক্তি আবারও ঝুলে গেল। গত বছরের মে মাসে গ্রেফতার হওয়ার পর থেকেই সাবেক এই মেয়র একের পর এক মামলায় আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।




মন্তব্য করুন