চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের চন্দনপুরার বাসায় দুঃসাহসিক হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ৫-৬ জন পুলিশ সদস্যের পাহারার মধ্যেই সন্ত্রাসীরা এই গুলি বর্ষণ করে। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, বিদেশে পলাতক ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশধারী চার সন্ত্রাসী পিস্তল, এসএমজি ও চাইনিজ রাইফেল নিয়ে বাসা লক্ষ্য করে ৬-৭ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এর আগে গত ২ জানুয়ারিও একই বাসায় হামলার পর পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছিল।

নগর পুলিশের উপকমিশনার হোসাইন কবির ভূঁইয়া জানান, বড় সাজ্জাদের অনুসারী রায়হান ও বোরহান এই হামলায় জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাজ্জাদ আলী দীর্ঘ দুই দশক ধরে দেশের বাইরে থেকে চট্টগ্রামে বিশাল এক সন্ত্রাসী নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছে। পুলিশ অপরাধীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।

Facebook Comments Box