বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যৌথভাবে বাণিজ্য সম্প্রসারণে কাজ করবে ভারত। একই সঙ্গে ভিসা সংক্রান্ত জটিলতা কাটিয়ে কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

সোমবার (২ মার্চ) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। নতুন সরকারকে অভিনন্দন জানাতে এই বৈঠক করেন হাইকমিশনার।

বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে বন্ধ থাকা বর্ডার হাট ও বেশ কিছু স্থলবন্দর পুনরায় চালু করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে অত্যন্ত গভীর বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। এই বাণিজ্যকে আরও প্রসারিত করতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারত যৌথভাবে কাজ করে যাবে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বৈঠকে ভারতীয় অর্থায়নের প্রকল্পগুলোর ভবিষ্যত নিয়ে কোনো আলোচনা হয়নি।

Facebook Comments Box