শরীয়তপুর বিচার বিভাগের উদ্যোগে ২০০৫ সনের ১৪ই নভেম্বর ঝালকাঠিতে জংগী হামলায় নিহত সাবেক সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাড়ে ও সোহেল আহম্মেদের ১৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে অদ্য ১৪ নভেম্বর , ২০২৩ খ্রিঃ। শরীয়তপুরের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর সভাপতিত্বে এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হেদায়েত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক জনাব মোঃ সোহেল আহমেদ , বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুজ্জামান , বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব শেখ তারিক এজাজ সহ শরীয়তপুর বিচার বিভাগে কর্মরত বিচারক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান তার বক্তব্যে বলেন, আজ বিচার বিভাগের জন্য শোকাবহ একটি দিন। আজ থেকে আঠারো বছর আগে এই দিন উগ্রবাদী-জংগীরা আমাদের দুইজন বিচারককে নির্মমভাবে হত্যা করেছিলো। তারা আজ বেচে থাকলে যে পর্যায়ে থাকতেন সে তুলনায় তাদের পরিবার কিছুই পায়নি। আমি প্রত্যাশা করি রাষ্ট্র, সরকার ও বিচার বিভাগ তাদের পরিবারের সহযোগিতায় আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করবে। উগ্রবাদের মোকাবেলায় আমাদের সবাইকে ভূমিকা পালন করতে হবে। আমাদের মনে রাখতে হবে গণতন্ত্রে উগ্রবাদের কোন স্থান নেই।

Facebook Comments Box