নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা আর নতুন যাত্রার মধ্য দিয়ে কলেজ জীবনের সূচনা হলো শরীয়তপুর সরকারি কলেজে। একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণ উৎসবের আবহে ভরে ওঠে। প্রাণবন্ত পরিবেশ, সাজসজ্জা আর শিক্ষার্থীদের হাসি-আনন্দে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফজলুল হক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন—“জীবনের প্রতিটি মুহূর্তই শেখার সময়। শুধু পাঠ্যপুস্তক নয়, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের আলোয় আলোকিত মানুষ হয়ে দেশ ও সমাজের জন্য অবদান রাখতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য ও সংস্কৃতি বিভাগের আহ্বায়ক প্রফেসর প্রদ্যুৎ কুমার দাস। তিনি নবীন শিক্ষার্থীদের সাহসী স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণের পথে একাগ্রভাবে এগিয়ে যেতে উৎসাহিত করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একাদশ শ্রেণি ভর্তি কমিটি–২০২৫ এর আহ্বায়ক মোঃ মশিউর রহমান।

দিনব্যাপী এ আয়োজনে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনা আর নাট্যাংশে মুগ্ধ হয় উপস্থিত সবাই। নবীন শিক্ষার্থীরা মঞ্চে নিজেদের প্রতিভা প্রকাশ করে জানান দেয় ভবিষ্যতের সম্ভাবনার কথা।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এমন আয়োজন তাদের অনুপ্রাণিত করেছে এবং কলেজ জীবনকে আরও আনন্দময় করে তুলেছে। নতুন বন্ধু, নতুন শিক্ষক আর নতুন অভিজ্ঞতার মাধ্যমে তারা তাদের স্বপ্ন পূরণের যাত্রা শুরু করতে চায়।

নবীন বরণকে ঘিরে শরীয়তপুর সরকারি কলেজের আকাশে-মাটিতে ছিল উৎসবের আবহ। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত এই প্রাঙ্গণ যেন হয়ে উঠেছিল তরুণ স্বপ্নযাত্রীদের মিলনমেলা।

Facebook Comments Box