শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভাগায় হাইকোর্টের আদেশ অমান্য করে জমির ওপর স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কামরুল হাসান টিটু বাদী হয়ে সখিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ও মামলার বাদী কামরুল হাসান টিটু জানান, তিনি ৯১ নং চরভাগা মৌজার বিআরএস ৫৭৮ নং খতিয়ানের ৩৮ ও ৪১ নং দাগে মোট ০.১৩২৭ একর জমি সাব-কবলা দলিলমূলে ক্রয় করে নিজ নামে নামজারি সম্পন্ন করেন। কিন্তু স্থানীয় বাসিন্দা তোফাজ্জল খাঁ, স্বপন খাঁ, মাছুম খান ও সোহেল খান জমিটি অবৈধভাবে দখল করার চেষ্টা করছেন। তাই তিনি বাদী হয়ে জমি সংক্রান্ত বিষয়ে মহামান্য হাইকোর্ট ডিভিশনে একটি সিভিল রিভিশন দায়ের করেন। এতে আদালত স্পষ্টভাবে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ প্রদান করেন। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে বিবাদীরা রাতের আঁধারে ইট ও বালু মজুদ করে জমির ওপর স্থাপনা নির্মাণ করছেন।

কামরুল বলেন,“আদালতের আদেশ থাকার পরও তারা জোর করে কাজ চালাচ্ছে। এতে আমার বৈধ মালিকানা ও নিরাপত্তা দুটোই হুমকির মুখে পড়েছে। আমি আদালতের আদেশ বাস্তবায়ন চাই।”

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তোফাজ্জল খাঁ, স্বপন খাঁ, মাছুম খান ও সোহেল খান বলেন, “আমরা আদালতের কোনো আদেশ অমান্য করছি না। উক্ত জমি নিয়ে আমাদের নিজস্ব দাবি রয়েছে। তাই স্থাপনা নির্মাণ করছি। বাদী পক্ষ আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ করছে।”

এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)নাজিম উদ্দিন জানান,“লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box