শরীয়তপুর জেলায় সদ্য যোগদানকৃত শিক্ষানবিশ ৩৮জন পুলিশ কনস্টেবল-এর ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করলেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান। সোমবার ৯ মার্চ, ২০২০ সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর পুলিশ লাইন্সে টিনশেড অডিটোরিয়ামে শিক্ষানবিশ পুলিশ কনস্টেবলদের এ ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে শরীয়তপুর জেলা পুলিশ। যোগদানকৃত শিক্ষানবিশ পুলিশ কনস্টেবলদের ৩৮জনকে ১৫ দিনের এই ওরিয়েন্টেশন কোর্স করানো হবে। তারা দীর্ঘ ছয় মাস পুলিশ ট্রেনিং শেষে শিক্ষানবিশ হিসেবে শরীয়তপুর জেলায় যোগদান করে। যোগদানকৃত সকলকে ফুল দিয়ে স্বাগত জানিয়ে পুলিশ সুপার বলেন, পুলিশে চাকরি করা গৌরবের কারণ বাংলাদেশ পুলিশে চাকরি বর্তমানে সবচেয়ে সম্মানিত পেশা । ওরিন্টেশন কোর্সের গুরুত্ব তুলে ধরে পুলিশ সুপার বলেন, ট্রেণিং আপনাদের শারীরিকভাবে ফিট ও মানসিকভাবে দৃঢ় করে তৈরি করা হয়েছে। আর এই ওরিয়েন্টেশন কোর্স আপনাদের বেসিক কাজ অর্থাৎ মামলা তদন্ত ও অপরাধীদের বিচারার্থে আদালতে প্রেরণ করার বাস্তবিক জ্ঞান অর্জন সম্পর্কে ধারণা দিবে। পুলিশ সুপার আরও বলেন- পুলিশের সবচেয়ে কঠিন কাজ হল মানুষের আস্থা অর্জন ও খুশি করা। কাজের মাধ্যমে তোমাদেরকে আস্থা অর্জন করতে হবে। সর্বদাই তোমাদের আচরণ ভালো করতে হবে। তোমাদের আচরণই বাংলাদেশ পুলিশের সম্মান রক্ষা করবে। তিনি বলেন, আমি যেহেতু জনগণের পুলিশ সুতরাং জনগণ যেন আমাকে ভালবাসে, বিশ্বাস করে সেই ভাবে কাজ করতে হবে। পরিশেষে তোমাদের উন্নত জীবন ও সু-স্বাস্থ্য কামনা করে ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ইমরুল হাসানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তানভীর হায়দার শাওন, অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল মিজানুর রহমান, পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার ডিআইও-১ আজহারুল ইসলাম, নড়িয়া থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, পুলিশ লাইন্সের আর আই সিরাজুল ইসলামসহ পুলিশের কর্মকর্তা-কর্মচারীগণ।
Facebook Comments Box

মন্তব্য করুন