বিরাজমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও বিস্তার রোধে, গত ২৩ মার্চ সোমবার শরীয়তপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী আবু তাহের স্বাক্ষরিত শরীয়তপুর বাসীর জন্য এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- সাপ্তাহিক হাট, পশুর হাট, আবাসিক হোটেল, শপিংমল, বাণিজ্যিক কেন্দ্র, রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র, পার্ক, মেলা, সকল প্রকার সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় সমাবেশ, রাজনৈতিকসহ যেকোন জনসমাবেশ, সিনেমাহল, ভ্রাম্যমাণ খাবারের দোকান, স্ট্রীট ফুড এবং যে সকল দোকানে জনসমাগম হয়, এমন সকল দোকানপাট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে।
তবে এ নিষেধাজ্ঞা কাঁচাবাজার, খাদ্যদ্রব্য, ঔষধের দোকান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, হাসপাতাল এবং জরুরি সেবার জন্য নিয়োজিত সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিদেশ থেকে আগত ব্যক্তিগণ অবশ্যই ১৪ দিন হোম কোয়ারেন্টাইন মেনে চলতে হবে, এছাড়া করোনা ভাইরাস সংক্রমণের কোন উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
এছাড়া যদি কেউ অসুস্থ যেমন জ্বর, সর্দি, হাঁচি-কাশিতে আক্রান্ত হয়ে, বাইরে জনসম্মুখে ঘোরাফেরা করে, তাহলে সে ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথাও বলা আছে।
এছাড়াও গণপরিবহন চলাচল সীমিত করে, বিনা প্রয়োজনে গণপরিবহন পরিহারের পরামর্শ দেয়া হয়েছে। একান্ত প্রয়োজনে মাস্ক, হ্যান্ডগ্লাভসসহ পর্যাপ্ত সতর্কতায় বাহিরে যাওয়ার কথা বলা হয়। তবে একান্ত প্রয়োজন যেমন, খাদ্যদ্রব্য ক্রয়, ঔষধ ক্রয়, চিকিৎসা, মৃতদেহ সৎকার কাজ ব্যতীত কোন ভাবেই কেউ যেন বাড়ির বাহিরে না আসে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে হুশিয়ার করে বলা হয়, এ বিধি-নিষেধ ভঙ্গকারীদের বিরুদ্ধে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Facebook Comments Box