শরীয়তপুরে করোনার বিরুদ্ধে “বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি” পরিচালিত হয়েছে। সোমবার (২৯ মার্চ) দুপুর ২ টায় শরীয়তপুর জেলা শহরে “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” প্রতিপাদ্যে ও ‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ শ্লোগানে করোনার বিরুদ্ধে “বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি” পরিচালনা করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
এ সময় পুলিশ সুপার বলেন, আমরা শরীয়তপুর জেলা পুলিশ করোনার প্রথম ধাপ থেকেই এই মহামারী মোকাবেলা করে আসছি এবং জনকল্যাণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। এখন আবার গ্রীষ্মের শুরু থেকে বৃদ্ধি পাচ্ছে প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাসে সংক্রমণের হার। কিছুদিন ধরেই দেশে এই ভাইরাস দ্বারা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উর্ধ্বমুখী। দেশ ও মানুষের এই সংকট মোকাবেলায় সবার প্রথমে প্রয়োজন সচেতনতা। চলমান এই মহামারী মোকাবেলায়, যাতে করে সকলে সচেতন হয় এবং মাস্ক পরিধান করে সে কারনেই আমরা শরীয়তপুর জেলা পুলিশ জনসাধারনের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করছি। এছাড়াও করোনা পরিস্থিতি মোকাবেলায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন, জেলা বিশেষ শাখা ডিআইও-১ মোঃ আজহারুল ইসলাম সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।




মন্তব্য করুন