জেড.এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার হিসেবে যোগদান করেছেন অধ্যাপক আবদুল খালেক। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ৩৩(১) অনুযায়ী অধ্যাপক আবদুল খালেক কে চার বছরের জন্য জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ দিয়েছেন মর্মে শিক্ষা মন্ত্রণালয় গত ২৩ মার্চ ২০২১ তারিখে প্রজ্ঞাপন জারি করে। এর পরিপ্রেক্ষিতে অধ্যাপক আবদুল খালেক মঙ্গলবার (০৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে যোগদান করেন।

বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্ত্বরে অবস্থিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

অধ্যাপক আবদুল খালেক তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে নড়িয়া সরকারি কলেজ, বঙ্গবন্ধু কলেজ ও রাজবাড়ী সরকারি কলেজে অধ্যাপনা করেন। সর্বশেষ তিনি নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে প্রায় তিন বছর দায়িত্ব পালন করেন। ছাত্র জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে বিএ ও এমএ ডিগ্রি লাভ করেন।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে অধ্যাপক আবদুল খালেক বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ৩৩(৩) অনুযায়ী বিশ্ববিদ্যালয় তহবিলের সার্বিক তত্ত্বাবধান ও অন্যান্য দায়িত্ব পালন করবেন।

Facebook Comments Box