করোনা সংক্রমণ থেকে শরীয়তপুর জেলাকে নিরাপদ ও সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষ্যে লকডাউনের ৫ম দিনেও মাঠে নামে জেলা পুলিশ।

রবিবার (১৮ এপ্রিল) ছিল সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের ৫ম দিন। প্রতিদিনের ন্যায় এ দিনেও শরীয়তপুরে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান এর নির্দেশে মাঠে ছিল জেলা পুলিশের সকল ইউনিট। জেলার সকল গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয় পুলিশি চেকপোস্ট। প্রয়োজন ব্যতীত বাহিরে অবস্থান করলেই নেওয়া হয় আইনি ব্যবস্থা।

শরীয়তপুর শহরে এবং জেলার সকল থানা এলাকার জনসমাগম নিয়ন্ত্রণ এবং আইন বহির্ভূত যান চলাচল ঠেকাতে সকাল থেকেই সতর্ক অবস্থান নেয় জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ও সকল থানা পুলিশ।

এ সময় সর্বসাধারণকে ঘরমুখী করতে সচেতনতামূলক প্রচারণা, অনুমতি বিহীন যানবাহন আটক সহ নিরাপত্তা জোরদার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আখতার হোসেন, জেলা যানবাহন শাখা পুলিশ পরিদর্শক মোঃ জামাল হোসেন মীর সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জনসচেতনতামূলক প্রচারণায় জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়- আসুন আমরা বৈশ্বিক এই করোনা ভাইরাসের সংক্রমণ হতে দেশ ও নিজেকে রক্ষা করতে আরো বেশি সচেতন হই, স্বাস্থ্যবিধি মেনে চলি, বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির না হই এবং অতি প্রয়োজনে বাহিরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করি। মনে রাখবেন আমরা সচেতন হলেই বাঁচবে দেশ।

Facebook Comments Box