সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে, অবিলম্বে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন শরীয়তপুরের সাংবাদিক নেতারা। প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়েছে।
বুধবার (১৯ মে) সকাল সাড়ে ১০ টায় শরীয়তপুর চৌরঙ্গীর মোড় চত্বরে শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রেস ক্লাবের নেতারাও উপস্থিত ছিলেন।
সাংবাদিক রোজিনাকে হেনস্তাকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সাংবাদিক নেতারা মানববন্ধনে বলেন, যেভাবে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা করা হয়েছে, তা মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকতার জন্য হুমকি। তাঁর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রোকনুজ্জামান পারভেজ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শহীদুজ্জামান খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শরীয়তপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি শেখ খলিলুর রহমানসহ প্রেস ক্লাবের জেলা ও উপজেলার সাংবাদিক নেতারা।




মন্তব্য করুন