শরীয়তপুর ডেভলপমেন্ট সোসাইটি (এসডিএস)-এর উদ্েযাগে ছয়জন শিক্ষার্থীকে বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি এবং ৩৪ জন শিক্ষার্থীকে পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
শনিবার (০১ অক্টোবর) বাংলাদেশ সরকারের মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান (ইভিসি) মোঃ ফসিউল্লাহ প্রধান অতিথি হিসেবে পরিদর্শনে এসে এ বৃত্তি প্রদান করেন। এছাড়া তিনি দিনব্যাপী শিক্ষাবৃত্তি অনুষ্ঠান শেষে স্থানীয় এমআরএ সনদপ্রাপ্ত এনজিওদের সাথে মতবিনিময় সভা করেন। উক্ত সভায় স্থানীয় এনজিও প্রধানগণ তাঁদের মতামত এবং অভিজ্ঞতা বিনিময় করেন। এরপর পিকেএসএফ’র অর্থায়নে পরিচালিত এসডিএস’র বিভিন্ন কার্যক্রম: ছাগলের খামার, কাসা-পিতলের কারখানা পরিদর্শন করেন। বিকাল ৩টার দিকে এসডিএস একাডেমীর নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এরপর বেড়াচিকন্দী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে “আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয় কিশোরী ক্লাব বনাম বেড়াচিকন্দী উচ্চ বিদ্যালয় কিশোরী ক্লাব” প্রীতি ফুটবল ম্যাচ এবং কিশোরীদের অংশগ্রহনে অনুষ্ঠিতব্য কারাতে প্রদর্শনী উপভোগ করেন।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ ফসিউল্লাহ বলেন, ১৯৭১ সালের ৭-ই মার্চ বঙ্গবন্ধু বলেছিলেন, বাঙ্গালীদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা আমাদের সকল মৌলিক চাহিদা পূরন করতে সক্ষম হয়েছেন। একসময় আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় অনুন্নত ছিলাম, এখন আমরা স্বয়ং হয়েছি। আমরা এখন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়নের স্বপ্ন দেখি।
এ সময় এসডিএস-এর চেয়ারম্যান প্রফেসর মোঃ সিরাজুল হক-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক পারভেজ হাসান। এছাড়া উপস্থিত ছিলেন, এসডিএস-এর প্রতিষ্ঠাতা পরিচালক মুজিবর রহমান মাদবর, নির্বাহী পরিচালক রাবেয়া বেগমসহ স্থানীয় এনজিও প্রধানগণ, সাংবাদিক ও এসডিসের কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ।
উল্লেখ্য যে, প্রতি বছরের ন্যায় এবছরও এসডিএস-এর নিজস্ব তহবিল থেকে বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি হিসেবে জনপ্রতি ৩৬ হাজার টাকা করে ছয় (০৬) জনকে ২ লাখ ১৬ হাজার এবং পিকেএসএফ এর অর্থায়নে জনপ্রতি ১২ হাজার টাকা করে ৩৪ জন শিক্ষার্থীদের মধ্যে ৪ লাখ ৮ হাজার টাকা প্রদান করা হয়।

মন্তব্য করুন