শরীয়তপুর সদরের মনোহর বাজারে পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত জোড় মাছের মেলায় প্রায় এক হাজার মণ মাছ বিক্রি হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া মেলায় ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এই মেলাটি প্রায় ২০০ বছরের পুরোনো। প্রথম দিকে শুধু ইলিশ মাছ বিক্রি হলেও ধীরে ধীরে বিভিন্ন প্রজাতির মাছ মেলায় বিক্রি শুরু হয়। এরপর বিভিন্ন খাবারের দোকান ও খেলনার দোকান যুক্ত হয় মেলায়।

মেলায় ইলিশ মাছ বিক্রির আধিক্য ছিল। প্রতি কেজি ইলিশের দাম ছিল ৫০০ থেকে ৭০০ টাকা। এছাড়াও অন্যান্য প্রজাতির মাছের দাম ছিল ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।

মেলায় বিভিন্ন জেলা থেকে আসা মাছ ব্যবসায়ীরা মাছ বিক্রি করেন। তারা জানান, মেলার চাহিদা মিটিয়ে মাছ বিক্রি করতে পেরে তারা খুশি।

মেলায় আসা ক্রেতারা জানান, তারা প্রতি বছর এই মেলায় আসেন। এখানে মাছের দাম তুলনামূলক কম থাকে। এছাড়াও মেলায় বিভিন্ন ধরনের খেলনা ও খাবার বিক্রি হয়।

মনোহর বাজার কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমান মোল্লা জানান, মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মেলার মাধ্যমে স্থানীয়দের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও মজবুত হয়।

Facebook Comments Box