শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সজিব বেপারী (১৮) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী রিয়াদ বেপারী (১৭) মারাত্মক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন চরভাগা ইউনিয়নের শনি কান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব বেপারী চরভাগা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার চরভাগা ইউনিয়নের ঢালী কান্দি গ্রামের খোরশেদ বেপারীর ছেলে। আহত রিয়াদ বেপারীও একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তিনি কামরুল বেপারীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সজিব ও রিয়াদ দুজনেই বেলা ১১টার দিকে এলাকার একটি বিয়ে বাড়ি থেকে পার্শ্ববর্তী শনি কান্দি এলাকায় যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে রওনা দেন। পথে মাদরাসা-সংলগ্ন সড়কে এক পথচারীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়েন তারা। এতে ঘটনাস্থলেই সজিব নিহত হন। আহত রিয়াদকে স্থানীয়রা উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালিয়েছিল তারা। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে একজনের মৃত্যু হয়েছে। নিহত সজিবের সুরতহালের পর শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box