শরীয়তপুরের রুদ্রকরে ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে লোকমান শেখ (৪৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় ৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার ১২ মার্চ সকাল ৬ টার দিকে সদর উপজেলার আমিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লোকমান শেখ উপজেলার রুদ্রকর ইউনিয়নের হোগলা মাকসাহার এলাকার মৃত মনব শেখের ছেলে। তার পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
স্থানীয়, স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রুদ্রকর ইউনিয়নের হোগলা মাকসাহার এলাকার মৃত মনব শেখের ছেলে লোকমান শেখ নির্মাণ শ্রমিকের কাজ করে সংসার চালিয়ে আসছেন। মঙ্গলবার সকালে তিনিসহ সাত জন শ্রমিক কাজের উদ্দেশ্যে নছিমনে করে হোগলা মাকসাহার থেকে মনোহর বাজারের দিকে যাচ্ছিলেন। তারা আমিন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে আসা চাঁদপুরগামী একটি কাভার্ড ভ্যানের সাথে তাদের নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নছিমনটি ছিটকে খালে পড়ে যায় এবং লোকমান সড়কে পড়ে গেলে কাভার্ড ভ্যানের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা ছুটে এসে আহতদের দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। এসময় উত্তেজিত জনতা গাড়িটিকে ভাঙচুর চালালে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত লোকমান শেখের ভাই চাচাতো ভাই মো. হান্নান দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমার ভাই একাই সংসারটি চালায়। তার দুটি বাচ্চা আর স্ত্রী আছে। ভোরবেলা রোজা থেকে কাজে যাওয়ার পথে কাভার্ড ভ্যানের চাপায় নিহত হয়েছে। এখন পরিবারটি যেন ভালোভাবে বাঁচতে পারে সরকার থেকে সেই ব্যবস্থা করা হোক। তাছাড়া এই দুর্ঘটনা যারা ঘটিয়েছে তাদের আমি বিচার চাই।
এ বিষয়ে পালং মডেল থানা পুলিশের উপ পরিদর্শক ইফতেখাইরুল দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। এই দুর্ঘটনায় একজন মারা গেছে বলে শুনেছি। বাকি আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।




মন্তব্য করুন