শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে কারেন্ট জালসহ ১০ মণ জাটকা ইলিশ এবং ১৭ জন জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ২৫ জানুয়ারি দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মণ্ডল। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা আহরণের অভিযোগে আটক প্রত্যেক জেলেকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে তিন লাখ ৫০ হাজার মিটার গুটি ও কারেন্ট জাল এবং ১০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে এবং উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মণ্ডল দৈনিক রুদ্রবার্তাকে বলেন, “জাটকা রক্ষায় সরকারের কড়াকড়ি নিষেধাজ্ঞা রয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্য করায় ১৭ জন জেলেকে আটক ও জরিমানা করা হয়েছে। পাশাপাশি নদীতে কারেন্ট জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
সরকারি নিষেধাজ্ঞা কার্যকরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।

মন্তব্য করুন