শরীয়তপুর সদর উপজেলার প্রেমতলা মোড়ে যৌথ অভিযানে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পলিথিন পরিবহনের সঙ্গে জড়িত ট্রাকের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) ভোর ৭টায় জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং সেনাবাহিনীর সমন্বিত অভিযানে এই পলিথিন জব্দ করা হয়। অভিযানটি পরিচালনা করেন শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল নোমান।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রেমতলা মোড়ে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। সরকারি নির্দেশনা লঙ্ঘন করে এই এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন পরিবহন করে আসছিল। অভিযানে ট্রাকটি আটক করা হয় এবং ট্রাক মালিকের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারা লঙ্ঘনের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান বলেন, “নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও পরিবহন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় সরকারের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।”
এই অভিযান পরিবেশ সংরক্ষণে সরকারের দৃঢ় অঙ্গীকার এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার রোধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন