শরীয়তপুরের ভেদরগঞ্জে পারিবারিক কলহের জেরে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন মাজেদা খাতুন নামে এক গৃহবধূ। খবর পেয়ে সখিপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মুনা প্রধানিয়া কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মাজেদা খাতুন (২৭) উত্তর তারাবুনিয়া খাশ কান্দি গ্রামের মৃত সৈয়দ আহমদ সৈয়ালের মেয়ে। তার স্বামীর নাম আবুল খায়ের আবু হোসেন মোল্লা।

এ ঘটনার পরপরই স্বামী আবুল খায়ের আবু হোসেন পলাতক রয়েছেন। দাম্পত্য জীবনে তাদের একটি ৬ বছরের পুত্রসন্তান রয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সেই কলহের জের ধরেই মাজেদা খাতুন অভিমান করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।

Facebook Comments Box