শরীয়তপুরের জাজিরায় এক অটোরিকশাচালকের ওপর ভয়াবহ হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে পূর্ব নাওডোবা ইউনিয়নের রূপবাবুরহাট এলাকায় রমজান মোল্লা (৩৮) নামের ওই চালককে দুর্বৃত্তরা চোখ উপড়ে ফেলে এবং হাত-পায়ের রগ কেটে দেয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রমজান মোল্লা তার অটোরিকশা নিয়ে জাজিরা থেকে নাওডোবার পথে ছিলেন। পথে সুমন শিকদারসহ কয়েকজন তার গতিরোধ করে এবং জোরপূর্বক একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে নির্মমভাবে আক্রমণ চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত সুমনের বাড়িতে অগ্নিসংযোগ করে। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে এবং আরও দুজনকে গ্রেপ্তার করেছে বলে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি আহম্মেদ পারভেজ সেলিম নিশ্চিত করেছেন। তিনি জানান, “ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

মন্তব্য করুন