শরীয়তপুরের দাদপুর ভাষানচরের কীর্তিনাশা নদী রোববার বিকেলে রূপ নেয় এক প্রাণবন্ত উৎসবে। গ্রামীণ ঐতিহ্যের প্রতীক নৌকাবাইচ দেখতে সকাল থেকেই নদীর দুই তীরে ভিড় জমাতে থাকেন আশপাশের হাজারো মানুষ। দুপুরে প্রতিযোগিতা শুরু হলে বৈঠার ছন্দ, বাদ্যযন্ত্রের তালে সুর, আর দর্শকদের উচ্ছ্বাসে নদীজুড়ে তৈরি হয় এক অনন্য আবহ।

প্রতিযোগিতায় অংশ নেয় শরীয়তপুরসহ পার্শ্ববর্তী জেলার অসংখ্য মাঝিদল। বিশাল নৌকায় তরুণ ও অভিজ্ঞ মাঝিরা সমানতালে বৈঠা চালিয়ে এগিয়ে যান গন্তব্যের দিকে। জায়গা সংকুলান না হওয়ায় অনেকে ট্রলার, বড় নৌকা, এমনকি গাছ ও ভবনের ছাদে উঠে প্রতিযোগিতা উপভোগ করেন।

নৌকাবাইচকে ঘিরে নদীর দুই পাড়ে বসে অস্থায়ী মেলা। স্থানীয় পিঠা-পুলি, ঝালমুড়ি, ফুচকা, খেলনা ও বেলুনের দোকানে জমে ওঠে কেনাবেচা। আয়োজক কমিটির পক্ষ থেকে সাবেক চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার বলেন, “এটি শুধু বিনোদন নয়, আমাদের ঐতিহ্য ও ভ্রাতৃত্বের প্রতীক। ভবিষ্যত প্রজন্মের কাছে এই সংস্কৃতি পৌঁছে দিতে প্রতিবছরই আয়োজন অব্যাহত থাকবে।” দিনশেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

Facebook Comments Box