শরীয়তপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জেলার সর্ববৃহৎ বৃত্তি প্রকল্প “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫” এর রেজিস্ট্রেশন কার্যক্রম।

বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের জেলা কার্যালয়ে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের শরীয়তপুর জেলা চেয়ারম্যান সাখাওয়াত কাউসার। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান কামরুজ্জামান কাউসার, উপদেষ্টা মেহেদী হাসান নিরব, সাইদুর রহমান এবং জেলার বিভিন্ন থানার প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাসেল মাহমুদ এবং ব্যবস্থাপনায় ছিলেন নাজমুল হাসান।

এ বছর জেলার সব স্কুল ও মাদরাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে—৪র্থ ও ৫ম শ্রেণির জন্য ১০০ টাকা এবং ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির জন্য ১৫০ টাকা। জেলার প্রতিটি উপজেলা প্রতিনিধির কাছ থেকে রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করা যাবে। রেজিস্ট্রেশন চলবে আগামী ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত। সম্ভাব্য পরীক্ষার তারিখ ৩১ অক্টোবর ২০২৫ নির্ধারণ করা হয়েছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে তিনটি ক্যাটাগরিতে—ট্যালেন্টপুল, সাধারণ গ্রেড ও বিশেষ— সর্বমোট চার লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। এছাড়া প্রতিটি শ্রেণির সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে আকর্ষণীয় বিশেষ পুরস্কার প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

Facebook Comments Box