শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ছয় বছরের মাদরাসাছাত্রী তায়েবা হক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শরীয়তপুরবাসী। রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গত ২৪ সেপ্টেম্বর খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় তায়েবা। দুই দিন পর ২৬ সেপ্টেম্বর ছৈয়ালকান্দি গ্রামে এক প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তায়েবার পিতা টিটু সরদার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ তদন্তে তায়েবার চাচি স্কুলশিক্ষক আয়শা খাতুনসহ চারজনকে গ্রেফতার করে। পরে আসামিদের জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে পারিবারিক শত্রুতার সম্পর্কের তথ্য পাওয়া যায়।
মানববন্ধনে তায়েবার পিতা খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। এছাড়া বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির জেলা আহবায়ক অ্যাডভোকেট রুহুল আমিন, দারুন নাজাত মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নাসির উদ্দীন প্রমুখ। বক্তারা বলেন, “এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
চাঞ্চল্যকর এই ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।




মন্তব্য করুন