শরীয়তপুরে টাইফয়েড প্রতিরোধে শুরু হচ্ছে বৃহৎ টিকাদান কর্মসূচি। আগামী ১২ অক্টোবর থেকে জেলার ৪ লাখ ২ হাজার ৮৫৭ জন শিশু, কিশোর ও কিশোরীকে দেওয়া হবে টাইফয়েডের টিকা। এক মাসব্যাপী এই কার্যক্রম চলবে ১৩ নভেম্বর পর্যন্ত, জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলার সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন জানান, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুরা এই টিকার আওতায় আসবে। জেলার ১ হাজার ৭৩৩টি স্থায়ী এবং ১ হাজার ৫৮৩টি অস্থায়ী কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও নির্ধারিত কেন্দ্রগুলোতে গিয়ে শিশুরা বিনামূল্যে টিকা নিতে পারবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) উদ্যোগে এই কর্মসূচি চালু হয়েছে তাদের সদস্য দেশগুলোতে, যেখানে নিরাপদ খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। আফ্রিকার কয়েকটি দেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার পাকিস্তান, শ্রীলংকা ও বাংলাদেশে ইতোমধ্যে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

ডা. রেহান উদ্দিন বলেন, “এই টিকা সম্পূর্ণ নিরাপদ। এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং শিশুদের জন্য এটি অত্যন্ত কার্যকর।”

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলার গণমাধ্যমকর্মী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীরা।

এই কর্মসূচির মাধ্যমে জেলার শিশুস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি আশা করছে স্বাস্থ্য বিভাগ।

Facebook Comments Box