শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। সোমবার (১৩ অক্টোবর) রাত ৯ থেকে মঙ্গলবার ১৪ অক্টোবর ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন নদী এলাকা অভিযান পরিচালনা করা হয়। এসময় এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করা হয়। তবে এ সময় কোনো জেলেকে আটক করা যায়নি। জব্দ ইলিশগুলো স্থানীয় এতিমখানা বিতরণ করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ইমরান বলেন, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে গোপনে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করছিলো। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে কাঁচিকাটা এলাকায় জনসম্মুখে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।জব্দ ইলিশগুলো স্থানীয় এতিমখানা বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১৯ আশ্বিন থেকে ৯ কার্তিক অথাৎ গেল ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের সামুদ্রিক মৎস্য জলসীমায় সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক ইলিশসহ সব প্রজাতির মৎস্য আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।

Facebook Comments Box