বৈদ্যুতিক দুর্ঘটনায় দুই হাত হারানো অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্য মো. ইউসুব তালুকদারের পাশে দাঁড়িয়েছেন শরীয়তপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাসরিন সুলতানা।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পূর্ব সোনামুখি গ্রামে গিয়ে তিনি ইউসুবের হাতে এক মাসের খাদ্যসামগ্রী ও নগদ ৫ হাজার টাকা তুলে দেন। এ সময় রুদ্রকর ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার আলী আজগর মোল্যা, সাধারণ আনসার সদস্য মো. আব্বাসউদ্দিন ও ইউসুবের বাবা আবু আলেম তালুকদার উপস্থিত ছিলেন।

সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, “রুদ্রকর ইউনিয়নের প্লাটুন কমান্ডারের মাধ্যমে ইউসুবের দুর্ঘটনার খবর পাই। পরে ব্যক্তিগত উদ্যোগে কিছু খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা নিয়ে তার বাড়িতে যাই। আনসার ও ভিডিপির হেডকোয়ার্টারের কল্যাণ তহবিল থেকেও যেন ইউসুব আর্থিক সহায়তা পায়, সে চেষ্টা করছি।”

পরিবারের সদস্যরা জানান, ইউসুব শরীয়তপুর সদর উপজেলার পূর্ব সোনামুখি গ্রামের দরিদ্র কৃষক আবু আলেম তালুকদারের ছেলে। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে সে সবচেয়ে ছোট। শরীয়তপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে অনার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল। পড়াশোনার পাশাপাশি নির্মাণশ্রমিক হিসেবে কাজ করে পরিবারের খরচে সহায়তা করতেন।

গত ২০২৪ সালের আগস্ট মাসে নির্মাণকাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ইউসুব। প্রাণে বেঁচে গেলেও হারান দুই হাত—ডান হাত সম্পূর্ণ কেটে ফেলতে হয়, আর বাম হাতের কবজিও অবশ হয়ে যায়। চিকিৎসা ব্যয়ে প্রায় ১২ লাখ টাকা খরচ হয়, যার জন্য দরিদ্র পিতা ২৪ শতাংশ জমি বিক্রি করতে বাধ্য হন।

ইউসুবের স্বপ্ন ছিল উচ্চশিক্ষা নিয়ে আনসার ও ভিডিপিতে কর্মকর্তা হওয়ার। দুর্ঘটনার পর সেই পথ বন্ধ হয়ে গেছে। এখন অন্যের সহায়তা ছাড়া চলতে পারেন না তিনি। খাওয়া-দাওয়া ও ব্যক্তিগত সব কাজে মা ও বোনেরা তাকে সহযোগিতা করেন।

আনসার ও ভিডিপি কর্মকর্তা নাসরিন সুলতানার পক্ষ থেকে অনুদান পেয়ে অনেক খুশি ইউসুব।

ইউসুব বলেন, নাসরিন সুলতানা ম্যাডাম বাড়ি এসে আমার খোঁজখবর নিয়েছেন এবং অনুদান দিয়েছেন এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। স্বাভাবিক জীবনে ফিরতে আমি আনসার ও ভিডিপি সহ সকলের সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box