শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের পশ্চিম আটপাড়া গ্রামে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কৃষিজমির ভেতর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি সংঘবদ্ধ চক্র। এতে ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয়রা জানান, পশ্চিম আটপাড়া গ্রামের হাতেম উকিলের বাড়ির দক্ষিণ পাশে বিস্তীর্ণ কৃষিজমির ভেতর ড্রেজার মেশিন বসিয়ে দিন-রাত চলছে বালু উত্তোলন। এতে ধান চাষের উপযোগী জমি নষ্ট হয়ে পড়েছে। বালু উত্তোলনের কারণে আশপাশের ধানি জমি ধসে পড়ছে, পুকুর ভরাট হচ্ছে এবং খাল-নালার পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে এলাকাজুড়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা ও ভাঙন আতঙ্ক।

স্থানীয় কৃষকরা অভিযোগ করে বলেন, “আমাদের ফসলি জমি ধ্বংস হচ্ছে, অথচ প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। ড্রেজারের শব্দ দূষণে দিন-রাত শান্তিতে থাকা যাচ্ছে না।”

তারা আরও জানান, এসব ড্রেজার ব্যবসায়ীরা প্রভাবশালী একটি চক্রের সহায়তায় প্রশাসনের নজর এড়িয়ে বালু ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে এলাকার কৃষিজমি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

ভুক্তভোগী কৃষক ও গ্রামবাসীরা শরীয়তপুর জেলা প্রশাসক এবং সদর উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবৈধ ড্রেজার বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box