বাংলাদেশ দলিল লেখক সমিতির নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কৃতি সন্তান সরোয়ার হোসেন সবুজ কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি ঘোষিত ২৪ সদস্যের আংশিক কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব এম. এ. রশিদ এবং মহাসচিব হয়েছেন কে. এস. হোসেন টমাস। এই কমিটিতে সরোয়ার হোসেন সবুজের অন্তর্ভুক্তি নড়িয়া তথা শরীয়তপুরের মানুষের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।

সরোয়ার হোসেন সবুজ ১৯৭৯ সালে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভূমখাড়া গ্রামে এক শিক্ষিত ও সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মাস্টার জহির উদ্দিন মিয়া, একজন সৎ ও নিবেদিতপ্রাণ শিক্ষক, এবং মা রিজিয়া বেগম, গৃহিণী।

তিনি স্থানীয় লোনসিং উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নড়িয়া সরকারি কলেজ থেকে এইচএসসি ও স্নাতক (ডিগ্রি), ঢাকা কলেজ থেকে মাস্টার্স এবং জেড এইচ সিকদার বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন।

২০০৯ সালে সরোয়ার হোসেন সবুজ দলিল লেখার পেশায় নিয়োজিত হন। দীর্ঘ ১৬ বছরের অভিজ্ঞতায় তিনি এই পেশায় সততা, দক্ষতা ও নেতৃত্বগুণের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেছেন। বর্তমানে তিনি একাধারে নড়িয়া দলিল লিখক সমিতির সভাপতি এবং শরীয়তপুর জেলা দলিল লিখক সমিতির সিনিয়র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলিল লেখকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত উন্নয়ন ও সংগঠন শক্তিশালী করতে তিনি অবিচলভাবে কাজ করে যাচ্ছেন। সহকর্মীরা বলেন, সরোয়ার হোসেন সবুজ একজন সৎ, পরিশ্রমী ও মানবিক নেতৃত্বের প্রতীক।

নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এটি শুধু আমার জন্য নয়—নড়িয়া ও শরীয়তপুরের দলিল লেখক সমাজের জন্য গর্বের বিষয়। আমি চেষ্টা করব পেশার মর্যাদা রক্ষা ও সহকর্মীদের অধিকার আদায়ে কাজ করতে।”

নবনির্বাচিত এই কেন্দ্রীয় কমিটিতে সরোয়ার হোসেন সবুজের যুক্ত হওয়ায় শরীয়তপুরের দলিল লেখক সমাজে আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয়রা আশা করছেন, তার নেতৃত্বে দেশের দলিল লেখক সমাজ আরও সংগঠিত ও আধুনিক হবে।

Facebook Comments Box