শরীয়তপুর, ৩ নভেম্বর ২০২৫:
শরীয়তপুর সদর পৌরসভার ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এনসিপির জেলা সিনিয়র যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদারের অফিসে সোমবার রাত ৮টার দিকে দুর্বৃত্তরা হাত বোমা নিক্ষেপ করে। বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ তালুকদার দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে যুক্ত। হামলার সময় দুর্বৃত্তরা তার অফিসের সামনে অবস্থান নিয়ে একাধিক ককটেল ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করেছে পুলিশ। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। একটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সবুজ তালুকদার বলেন, “আমি এনসিপির রাজনীতির সঙ্গে শুরু থেকেই যুক্ত। দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষ থেকে মোবাইলফোনে হত্যার হুমকি পাচ্ছি। এটি পরিকল্পিত হামলা।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের সময়ও আমরা ভয় পাইনি। এখনো ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

Facebook Comments Box