শরীয়তপুরে জাতীয় যুব শক্তির সদ্য ঘোষিত জেলা কমিটির চার নেতা কমিটি প্রকাশের মাত্র ২৫ মিনিটের মধ্যেই পদত্যাগ করেছেন। শনিবার (৮ নভেম্বর) রাতে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একাধিক স্ট্যাটাস দিয়ে তারা এই সিদ্ধান্ত জানান।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন—সদস্য সচিব আমিন মোহাম্মদ জিতু, যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন সরল, যুগ্ম সদস্য সচিব সাবরিন ইসলাম এবং সংগঠক রবিউল হাসান।

শনিবার রাতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলামের অনুমোদনে শরীয়তপুর জেলা শাখার এক বছরের জন্য ৪১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এতে কাওসার মৃধাকে আহ্বায়ক এবং আমিন মোহাম্মদ জিতুকে সদস্য সচিব করা হয়।

কমিটি ঘোষণার পরপরই আমিন মোহাম্মদ জিতু তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “ব্যক্তিগত কিছু বিশেষ কারণে আমি এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে অসমর্থ। সংগঠনের কার্যক্রমে বিঘ্ন না ঘটাতে এবং দায়িত্ব সঠিকভাবে পালনের সুযোগ দিতে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “আমি পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। গতকাল জেলা কমিটিতে আমাকে সদস্য সচিব করা হয়েছে বলে জানতে পারি। তবে ব্যক্তিগত কারণে আমি পদ থেকে সরে দাঁড়িয়েছি। লিখিত পদত্যাগপত্র যথাসময়ে জমা দেওয়া হবে।”

অন্যদিকে যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন সরল বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একজন আহত যোদ্ধা হিসেবে আমাকে জেলা কমিটিতে ৪১ নম্বরে রাখা হয়েছে। পরে নড়িয়া উপজেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা রাখা হয়নি। ব্যক্তিগত কারণেও আমি পদত্যাগ করেছি।”

এ বিষয়ে সদ্য ঘোষিত জেলা কমিটির আহ্বায়ক কাওসার মৃধা বলেন, “যারা পদত্যাগ করেছেন, তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছি। তবে এখনো কেউ অফিসিয়ালি পদত্যাগপত্র জমা দেননি। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম চলবে।”

Facebook Comments Box