শরীয়তপুর পৌরসভার পূর্ব কাশাভোগ এলাকায় সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে রিভলভারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এ বিষয়ে লিখিত প্রেস বিজ্ঞপ্তি দেয় পালং মডেল থানা।

আটক ব্যক্তিরা হলেন—ডামুড্যা উপজেলার প্রিয়কাঠি এলাকার উজ্জল খান (৩৫) এবং দশমনতারা এলাকার সুমন হাওলাদার (৪১), যিনি মৃত আব্দুল হাই হাওলাদারের ছেলে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, সোমবার রাত ১টা ২০ মিনিটে পৌরসভার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পিছনের পাকা রাস্তায় চেকপোস্ট বসানো হয়।

চেকপোস্ট চলাকালে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের থামিয়ে তল্লাশি চালায়। এ সময় উজ্জল খানের প্যান্টের কোমর থেকে একটি ৩২ বোরের ৬ চেম্বারবিশিষ্ট রিভলভার উদ্ধার করা হয়।

পুলিশ তাদের ব্যবহৃত লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করে। অভিযানে অংশ নেন এসআই কাজী একে আজাদ, এসআই মৃত্যুঞ্জয় কুমার কির্ত্তনীয়া, আঙ্গারিয়া পুলিশ ফাঁড়ির এএসআই সাজ্জাদ হোসেন এবং ডিবির এসআই জাহিদুল ইসলাম।

আটক দুই যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box