শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে বরশি দিয়ে ধরেছেন ১০ কেজি ওজনের বিশাল একটি চিতল মাছ। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে শরীয়তপুর সদর উপজেলার কীর্তিনাশা নদীতে স্থানীয় জেলে বেলাল হোসেনের বরশিতে উঠে এই বিরল আকৃতির দেশি চিতল।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল হোসেন নিয়মিতই বরশি দিয়ে মাছ ধরেন। সেদিন সকালে বরশি ফেলেই বড় ধরনের টান অনুভব করেন তিনি। এরপর প্রায় ১৫–২০ মিনিট ধরে ধৈর্য ও কৌশলে বিশাল মাছটি তুলে আনতে সক্ষম হন। খবর ছড়িয়ে পড়লে নদীর তীরে উৎসুক জনতার ভিড় জমে যায়।
পরে মাছটি স্থানীয় পালং মাছ বাজারে নিয়ে গেলে প্রতি কেজি ১৪০০ টাকা দরে মোট ১৪ হাজার টাকায় কয়েকজন ক্রেতা মাছটি কিনে নেন এবং নিজেদের মধ্যে ভাগ করে নেন।
স্থানীয় বাসিন্দা আমির সিকদার বলেন, “কীর্তিনাশা নদীতে এখন আর বড় দেশি মাছ বেশি পাওয়া যায় না। এত বড় চিতল আগে দেখিনি।”
জেলে বেলাল হোসেন বলেন, “এত বড় চিতল বরশিতে ওঠানো খুবই কঠিন ছিল। শেষ পর্যন্ত তুলতে পারায় আমি খুব খুশি।”




মন্তব্য করুন