শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের পালেরচর বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকেলে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, এলাকায় মাদকসেবন ও মাদক ব্যবসা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, মনির মীর ও পলাশ মীরসহ কয়েকজনকে মাদক সংশ্লিষ্টতায় অভিযুক্ত করা হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এলাকাবাসী মাদক নির্মূলের দাবিতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়ে বলেন, প্রশাসন কার্যকর উদ্যোগ না নিলে তারা সামাজিকভাবে মাদককারবারিদের প্রতিহত করবেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সাবেক মেম্বার মোতালেব হাওলাদার, গফুর বেপারী, আব্দুর রহমান আকন, মহসিন হাওলাদার, ইমন চোকদার, খোকন আকন, আবু কালাম হাওলাদার, খলিল খান, সোহরাব খান, ধলু খানসহ এলাকাবাসীর কয়েক শ’ মানুষ অংশ নেন।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন