শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ভেদরগঞ্জে দিনভর গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে ভেদরগঞ্জ বাজারে গণসংযোগের মাধ্যমে তিনি দিনের কার্যক্রম শুরু করেন।
পরে তিনি ভেদরগঞ্জ পৌরসভা ও নারায়নপুর ইউনিয়নের বিভিন্ন বাজার, গ্রাম ও পাড়া-মহল্লায় ঘুরে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন, কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে দোয়া ও সমর্থন চান। গণসংযোগ চলাকালে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, সাংগঠনিক প্রস্তুতি এবং করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অপু আহাম্মেদ ভেদরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন এবং খেলাধুলার সামগ্রী বিতরণ করেন। এতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
গণসংযোগে জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, সদস্য আবুল হাসেম ঢালী, বি এম মোস্তফা, আসলাম মাঝিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, “আমি মানুষের পাশে থাকতে চাই। জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়ন দিয়েই দেব।”




মন্তব্য করুন