শরীয়তপরে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘রথীন্দ্র-হালিম লোক উৎসব’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শরীয়তপুরের বরেণ্য সাহিত্যিক সমাজ সংস্কারক প্রয়াত কবি রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরীর ৯৮ তম জন্মদিন উপলক্ষে ও লোক সঙ্গীতের প্রবাদ পুরুষ, বিচারগান স¤্রাট আবদুল হালিম বয়াতি স্মরণে ৬ ও ৭ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে রথীন্দ্র স্মৃতি পরিষদ এ লোক উৎসবের আয়োজন করে।
আজ (৬ ডিসেম্বর বৃহস্পতিবার) বিকাল ৪টায় ‘রথীন্দ্র-হালিম লোক উৎসব’ উদ্বোধন করবেন বিশিষ্ট কবি আসাদ চৌধুরী।
ঢাকা মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি ও ‘রথীন্দ্র-হালিম লোক উৎসব’ উদযাপন পরিষদের আহবায়ক মফিদুল হকের সভাপতিত্বে উদ্বোধন ও আলোচনা পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সুলতান হোসেন মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শরীয়তপুর-১ আসনে আওয়ামীলীগের প্রার্থী ইকবাল হোসেন অপু। বিশেষ অতিথি থাকবেন বাংলা একাডেমীর সাবেক উপ-পরিচালক শফিকুর রহমান চৌধুরী, শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুর রব মুন্সী, শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি অনল কুমার দে ও রথীন্দ্র সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামসুন্দর দেবনাথ।
৭ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪ টায় শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ। বিশেষ অতিথি থাকবেন শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন, শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনোয়ার হোসেন, শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল, লেখক ও গবেষক এম এ আজিজ মিয়া, উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি বেলায়েত হোসেন, ভাস্কর্য শিল্পী শহিদুজ্জামান শিল্পী।
দুই দিনব্যাপী লোক উৎসবে সন্ধ্যা ৬টার পর থেকে সাংস্কৃতিক পর্বে থাকবে প্রবন্ধ পাঠ, কবিতা আবৃত্তি, স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান এবং ঢাকা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় লোক সঙ্গীত, বাউল সঙ্গীত, কবি ও পালাগান।
ইতোমধ্যে লোক উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উদযাপন পরিষদ। শিল্পকলা একাডেমী চত্বরে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল, স্টল ও স্টেজ।
রথীন্দ্র স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক অ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী বলেন, এ ধরনের একটি উৎসব আয়োজন করার চিন্তা ভাবনা আমাদের অনেকদিন ধরে ছিলো। অবশেষে জেলা প্রশাসনের সহযোগিতায় ও সংস্কৃতিক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় আমরা প্রথমবারের মতো শরীয়তপুরে ‘রথীন্দ্র-হালিম লোক উৎসবের আয়োজন করতে যাচ্ছি। এ লোক উৎসব আয়োজনের উদ্দেশ্য হচ্ছে দেশীয় ও লোকজ সংস্কৃতি এবং কবি রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরী ও আবদুল হালিম বয়াতির জীবন দর্শন, চিন্তা চেতনা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা।
Facebook Comments Box

মন্তব্য করুন