ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে শরীয়তপুর–২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে অধিকাংশ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও কয়েকজনের কাগজপত্রে ঘাটতি ধরা পড়েছে।
শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শরীয়তপুর–২ আসনে বিএনপি, জামায়াতে ইসলামি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, খেলাফতে মজলিস, খেলাফত আন্দোলন, এনসিপি, গণঅধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১১টি মনোনয়নপত্র জমা পড়ে।

যাচাই-বাছাই শেষে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীদের আজ শুক্রবার বিকেল ৫টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সংশোধন ও দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র দাখিলে ব্যর্থ হলে তাদের প্রার্থিতা বাতিল করা হবে বলে জানানো হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলাকালে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা যায়। পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box