ঘন কুয়াশার কারণে রাতভর থমকে থাকা শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে অবশেষে স্বস্তি ফিরেছে।

দীর্ঘ আট ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর কার্যালয়ের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌরুটের গুরুত্বপূর্ণ মার্কিং পয়েন্টগুলো দৃশ্যমান না থাকায় নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

তিনি আরও বলেন, শুক্রবার সকাল থেকে কুয়াশার ঘনত্ব ধীরে ধীরে কমতে থাকলে পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের দুই প্রান্তে শতাধিক যানবাহন আটকে পড়ে। চলাচল শুরু হওয়ার পর ছোট-বড় মোট ছয়টি ফেরির মাধ্যমে দ্রুত যানবাহন পারাপার করা হয়।

দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগ চরমে পৌঁছালেও ফেরি চলাচল শুরু হওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরে আসে। সংশ্লিষ্টরা জানান, শীত মৌসুমে কুয়াশার কারণে এমন পরিস্থিতি তৈরি হলে নৌপথে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box